২৭ নভেম্বর প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হবে। ওইদিন দুপুর আড়াইটে নাগাদ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপর বিকেল ৩টে থেকে পরীক্ষার্থীরা সংসদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন। পরীক্ষার্থীদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে অনলাইনে ফল দেখতে হবে।
তৃতীয় সেমিস্টারের পাশাপাশি এই পরীক্ষায় অংশগ্রহণকারী সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ফলও একই দিনে প্রকাশ করা হবে। স্কুলগুলি তাদের নিজস্ব লগ-ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টাল থেকে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের ফল এবং সামগ্রিক ফলের সারসংক্ষেপ ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করা ফলের কপিতে স্কুলের সিল ও প্রধান শিক্ষকের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় মোট ৭ লক্ষ ১৮ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যার মধ্যে ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২ হাজার ৮০৬ জন এবং ছাত্রের সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ৬৬১ জন। রাজ্যের মোট ৮২৫টি কেন্দ্রের অধীনে ২,০১৫টি ভেন্যুতে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। গত ১৬ অক্টোবর সম্ভাব্য উত্তরপত্র প্রকাশের পর পরীক্ষার্থীদের আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল, যা ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত কার্যকর ছিল।