চ্যাংরাবান্ধা সীমান্তে আইএসআই চর সন্দেহে আটক বাংলাদেশি নাগরিক

কোচবিহারের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার পথে মহম্মদ সেলিম নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া আগাম সতর্কবার্তার ভিত্তিতেই তাঁর ওপর নজরদারি চালানো হচ্ছিল। টুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশের পর তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কোচবিহার জেলা পুলিশকে সতর্ক করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে সীমান্ত পার হওয়ার সময় তাঁকে আটক করে মেখলিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ভারতে আসার প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং তিনি কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এর আগে প্রায় দু’মাস আগে কোচবিহারের দিনহাটা থেকে আইএসআই চর সন্দেহে চারজনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় সিমকার্ড সংগ্রহ করে তা বাংলাদেশ ও নেপালের মাধ্যমে পাকিস্তানে পাঠানোর অভিযোগ ছিল। ওই মামলায় ধৃতরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।
দিনহাটার ঘটনার রেশ কাটতে না কাটতেই চ্যাংরাবান্ধায় এই আটকের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা জারি হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বিদেশি নাগরিকদের যাতায়াত ও সন্দেহজনক যোগাযোগের ওপর নজরদারি বাড়ানো হচ্ছে। তবে মহম্মদ সেলিমের সঙ্গে আগের মামলায় ধৃতদের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। জেরার মাধ্যমে নতুন কোনো তথ্য উঠে আসে কি না, সেদিকেই নজর রাখছেন তদন্তকারীরা।