ভারতীয়দের জন্য ভিসা নিয়মে বড় পরিবর্তন: মালয়েশিয়ায় বন্ধ ভিসা-মুক্ত প্রবেশ, আয়ারল্যান্ডে ভিসা নিয়ে অনিশ্চয়তা

বিদেশ ভ্রমণ ও উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতীয়দের জন্য নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। আগামী ১ জানুয়ারি, ২০২৭ থেকে মালয়েশিয়ায় ভারতীয় পাসপোর্টধারীদের জন্য চালু থাকা ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা বন্ধ করা হচ্ছে। মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষেই এই বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হবে। ফলে নতুন বছরের শুরু থেকে মালয়েশিয়ায় যেতে হলে ভারতীয় পর্যটকদের আগে থেকেই বৈধ ভিসা সংগ্রহ করতে হবে। ১ ডিসেম্বর, ২০২৬ থেকে ‘মাইভিসা’ অনলাইন পোর্টালে ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হবে। পর্যটন ভিসার অপব্যবহার এবং কাজের খোঁজে গিয়ে আইনি জটিলতায় পড়ার ঘটনা বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, মালয়েশিয়া ভ্রমণে ট্রাভেল মেডিক্যাল ইনস্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে। ভিসা আবেদনের সময় ‘মাইট্রিপপাস’-এর ইনস্যুরেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। এছাড়া, ভিসার আবেদন সাত কর্মদিবসের বেশি অসম্পূর্ণ থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং জমা দেওয়া ভিসা ফি ফেরতযোগ্য হবে না। পর্যটকদের ভ্রমণের এক মাস আগে থেকেই ভিসার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে, আয়ারল্যান্ডে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভারতীয় পড়ুয়াদের জন্য সংকট তৈরি হয়েছে। দেশটিতে ব্যাপক হারে স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় বড়সড় অনিশ্চয়তা দেখা দিয়েছে। আইরিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভিসা না পাওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো বিপুল পরিমাণ টিউশন ফি হারানোর ঝুঁকিতে রয়েছে। অনেক ক্ষেত্রে স্নাতকোত্তর কোর্সের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। ভিসা বাতিলের এই প্রবণতা এবং অর্থনৈতিক ক্ষতির আশঙ্কায় কিছু কোর্স বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।