জাপানের সঙ্গে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত অংশীদারিত্বে জোর রাজনাথ সিংয়ের

টোকিওতে চতুর্থ ভারত-জাপান টু-প্লাস-টু মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অবাধ, উন্মুক্ত এবং নিয়মভিত্তিক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করতে সামুদ্রিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে দুই নেতা পর্যালোচনা করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যুদ্ধজাহাজ নির্মাণ, চালকহীন যান এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে যৌথ উন্নয়ন ও উৎপাদনের ওপর জোর দিয়েছেন। তিনি জানান, ভারত ও জাপানের একে অপরের পরিপূরক শক্তি রয়েছে, যা দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত অংশীদারিত্বের জন্য অত্যন্ত সহায়ক। ‘ডিজাইন উইথ জাপান, মেক ইন ইন্ডিয়া’ কাঠামোর অধীনে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধি এবং জাহাজ মেরামতির জন্য মেরিটাইম শিপ রিপেয়ার অ্যারেঞ্জমেন্ট সম্পন্ন করার বিষয়েও তিনি আলোকপাত করেন।
বৈঠকে গত অগাস্টে জাপানি প্রতিরক্ষামন্ত্রীর ভারত সফরের পর থেকে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়া ২০২৭ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে সম্পর্কের নতুন মাত্রা যোগ করার বিষয়েও আলোচনা হয়েছে। দুই পক্ষই আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করেছে। পাশাপাশি সামুদ্রিক নজরদারি, তল্লাশি ও উদ্ধার কাজ এবং তথ্য বিনিময়ের মতো বিষয়গুলোতেও সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।