ট্র্যাক্টর চুরির তদন্তে বেরিয়ে এল খুনের রহস্য, স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী ও প্রেমিক

বেগুসরাইয়ের গড়হরা থানা এলাকার বারো রামপুর টোলার বাসিন্দা ধীরজ কুমার রায় গত ১৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। স্বামী বাড়ি না ফেরায় স্ত্রী ডলি থানায় নিখোঁজ ডায়েরি করেন। তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ডলির সঙ্গে মুকেশ কুমার নামে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। ধীরজ এই সম্পর্ক মেনে নিতে না পারায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হতো। শেষ পর্যন্ত ধীরজকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন স্ত্রী ও তাঁর প্রেমিক।
পুলিশের জিজ্ঞাসাবাদে মুকেশ কুমার স্বীকার করেছেন যে, তিনি ধীরজকে নিজের গাড়িতে তুলে নিয়ে যান এবং মোবাইল চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেন। এরপর সিমারিয়ার পুরনো সেতু থেকে দেহ গঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার বেশ কয়েক দিন পেরিয়ে গেলেও ধীরজের দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে দেহ উদ্ধারের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে একটি ট্র্যাক্টর চুরির তদন্ত করতে গিয়ে। ডলির নামে কেনা ট্র্যাক্টরটি মুকেশ ফেরত না দেওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ ট্র্যাক্টরসহ মুকেশকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করলে খুনের বিষয়টি সামনে আসে। বর্তমানে ধীরজের স্ত্রী ডলি ও তাঁর প্রেমিক মুকেশকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই ঘটনায় ধীরজের দুই শিশু সন্তান এখন আত্মীয়দের আশ্রয়ে রয়েছে।