পাওয়ার ব্যাংক ব্যবহারের সময় যে ৫টি ভুল এড়িয়ে চলবেন

স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপের প্রয়োজনে পাওয়ার ব্যাংক এখন অনেকেরই নিত্যসঙ্গী। তবে অসতর্কভাবে ব্যবহারের ফলে ফোন ও পাওয়ার ব্যাংক উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও থাকে। পাওয়ার ব্যাংক ব্যবহারের সময় সারারাত চার্জে বসিয়ে রাখা একটি বড় ভুল। এতে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে ফুলে যেতে পারে এবং কার্যক্ষমতা কমে যায়। চার্জ ১০০ শতাংশ হয়ে গেলে দ্রুত প্লাগ খুলে ফেলা উচিত।
পাওয়ার ব্যাংক দিয়ে ফোন চার্জ করার সময় গেম খেলা বা ভিডিও দেখার মতো কাজ থেকে বিরত থাকা জরুরি। এতে ফোন ও পাওয়ার ব্যাংক উভয়ই অতিরিক্ত গরম হয়ে ব্যাটারির ওপর চাপ সৃষ্টি করে। এছাড়া সস্তা বা লোকাল কেবল ও অ্যাডাপ্টার ব্যবহার করা থেকে সতর্ক থাকতে হবে। নিম্নমানের কেবল ভোল্টেজের ভারসাম্য নষ্ট করে পাওয়ার ব্যাংকের সার্কিট ও ফোনের ব্যাটারির ক্ষতি করতে পারে।
লিথিয়াম-আয়ন ব্যাটারি তাপের প্রতি অত্যন্ত সংবেদনশীল। তাই পাওয়ার ব্যাংক কখনোই রোদ, গাড়ির ড্যাশবোর্ড বা বালিশের নিচে রাখা উচিত নয়। সবসময় ঠান্ডা ও শুকনো জায়গায় এটি সংরক্ষণ করা প্রয়োজন। ব্যাটারির আয়ু বাড়াতে পাওয়ার ব্যাংকের চার্জ ২০ শতাংশের নিচে নামার আগেই চার্জ দেওয়া এবং ফোন ৮০-৯০ শতাংশ চার্জ হলেই খুলে নেওয়া ভালো। এছাড়া মাসে অন্তত একবার পাওয়ার ব্যাংক সম্পূর্ণ চার্জ ও ডিসচার্জ করা ব্যাটারি স্বাস্থ্যের জন্য উপকারী। কোনো কারণে পাওয়ার ব্যাংক ফুলে গেলে বা পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হলে তা ব্যবহার না করাই শ্রেয়।