প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ ও তোলাবাজির অভিযোগে জিরো এফআইআর

প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণ ও তোলাবাজির অভিযোগে জিরো এফআইআর

রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে। সমাজকর্মী রাজীব সরকার এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, তথ্য ও সংস্কৃতি দফতরের অধীনে কর্মরত কয়েকজন অস্থায়ী মহিলা কর্মী কর্মক্ষেত্রে যৌন হেনস্থা ও শোষণের শিকার হয়েছেন। অভিযোগপত্রে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, তোলাবাজি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী মহিলাদের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হতো। চাপের কাছে নতি স্বীকার না করলে তাঁদের দূরের জায়গায় বদলি করে দেওয়া কিংবা বেতন আটকে রাখার মতো পদক্ষেপ নেওয়া হতো বলে দাবি করা হয়েছে। এর আগে কয়েকজন মহিলা পুলিশের কাছে অভিযোগ জানালেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগকারীর দাবি। তাই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৭৩(১) ধারা অনুযায়ী নতুন করে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

বাগুইআটি থানায় নথিভুক্ত এই জিরো এফআইআর পরবর্তী তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। পাশাপাশি, বিষয়টি জাতীয় মহিলা কমিশনকেও জানানো হয়েছে বলে অভিযোগকারীদের আইনজীবীর দাবি। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রাক্তন দুই মন্ত্রীর নাম জড়িয়ে এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *