মহুয়ার গাড়িতে হামলার ঘটনায় ফের হাইকোর্টকে নিশানা অভিষেকের

মহুয়া মৈত্রের গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে ফের কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেন, বিজেপির দুষ্কৃতীরা মহুয়ার গাড়িতে লাঠি ও ডিম ছুড়ে হামলা চালিয়েছে। অথচ পুলিশ নিষ্ক্রিয় থেকে উল্টে তাঁকেই এলাকা ছাড়ার পরামর্শ দিয়েছে। মহুয়ার দাবি, এই ঘটনার আশঙ্কা জানিয়ে আগে থেকে পুলিশকে সতর্ক করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এই ঘটনাকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্য সরকার ও স্বরাষ্ট্র দফতরের বিরুদ্ধে কি হাইকোর্ট আদালত অবমাননার পদক্ষেপ করবে? তিনি আরও বলেন, আদালত অবমাননার নিয়ম কি কেবল বিরোধীদের ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি ক্ষমতায় থাকা ব্যক্তি ও তাদের বিজেপি সঙ্গীরা বিশেষ ছাড় পান? এই পোস্টের মাধ্যমে তিনি বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে পুনরায় সরব হয়েছেন।
উল্লেখ্য, বিচারপতিদের একাংশকে রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে মন্তব্য করার অভিযোগে গত মঙ্গলবার অভিষেককে কারণ দর্শানোর নোটিস পাঠায় কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশে ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। গত ৭ নভেম্বর অভিষেকের কালীঘাটের বাড়ির সামনে দুষ্কৃতীদের আনাগোনা ও হামলার ঘটনার পর তাঁর করা একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করেই এই আইনি জটিলতা তৈরি হয়েছে।
হাইকোর্টের শো-কজ নোটিসের পর অভিষেক নিজের অবস্থানে অনড় থেকে জানিয়েছেন, বিচারব্যবস্থার রায় নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাঁর রয়েছে। তিনি দেশের সংবিধান ও নির্বাচকমণ্ডলীর কাছ থেকে এই অধিকার পেয়েছেন বলে দাবি করেন। পাশাপাশি, অতীতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের বিচারব্যবস্থা সংক্রান্ত মন্তব্য এবং বিভিন্ন মামলার ক্ষেত্রে আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দিয়েছেন।