জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে রেকর্ড ভিড়, টোটোর অতিরিক্ত ভাড়ায় নাজেহাল দর্শনার্থীরা

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে রেকর্ড ভিড়, টোটোর অতিরিক্ত ভাড়ায় নাজেহাল দর্শনার্থীরা

জগদ্ধাত্রী পুজোর নবমীতে চন্দননগর ও ভদ্রেশ্বরে দর্শনার্থীদের ঢল নেমেছে। স্টেশন রোড, উর্দিবাজার, মধ্যাঞ্চল, খলিশানি ও পালপাড়ার মতো বিভিন্ন মণ্ডপে সকাল থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উদ্যোক্তাদের মতে, এ বছর চন্দননগরে রেকর্ড ভিড় হয়েছে। ভিড় সামলাতে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হয়। জিটি রোড ও সংলগ্ন এলাকায় তীব্র যানজটের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

পুজোর ভিড়ের সুযোগ নিয়ে টোটো চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন দর্শনার্থীরা। সাধারণ সময়ে যে দূরত্বের ভাড়া ১০-২০ টাকা, পুজোর দিনে তা ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে বলে অভিযোগ। দুপুর দুটোর পর প্রধান রাস্তায় টোটো ও অটো চলাচল নিষিদ্ধ থাকলেও, অলিগলিতে টোটো ও মোটরসাইকেলের দাপটে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। বাধ্য হয়েই বাড়তি টাকা দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে।

এদিকে, হাওড়া-ব্যান্ডেল শাখায় লোকাল ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনগুলিতে আরপিএফ মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই ভোরে ঠাকুর দেখে ফেরার পথে ভদ্রেশ্বর ও বৈদ্যবাটি স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে এক যুবক আহত হন। শেওড়াফুলি জিআরপি তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *