ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেন ছেলে কাসিম

ইমরান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেন ছেলে কাসিম

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ছেলে কাসিম। তিনি অভিযোগ করেছেন যে, পাক সেনাপ্রধান অসীম মুনির এবং বর্তমান সরকার ইমরান খানকে হত্যার পরিকল্পনা করছে। কাসিমের দাবি, বর্তমান প্রশাসন কোনো যুক্তি মানছে না এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে অপহরণ ও অত্যাচারের পথ বেছে নিয়েছে। তাই ইমরান খানের প্রাণহানির আগেই আন্তর্জাতিক মহলকে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বন্দিদশা নিয়ে সরব হয়েছে। সংগঠনটির তথ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে ইমরান খানকে পরিবারের সঙ্গে দেখা করতে বা টেলিফোনে কথা বলতে দেওয়া হয়নি। এছাড়া তাঁর শারীরিক অসুস্থতা সত্ত্বেও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে তাঁকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। বুশরা বিবির চোখের গুরুতর সমস্যার ক্ষেত্রেও পর্যাপ্ত চিকিৎসার অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, বন্দি দম্পতির প্রতি এই আচরণ আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত চুক্তির পরিপন্থী। পাশাপাশি, ইমরান খানের বোন আলিমা খানকে আটক রাখা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি। তারা অবিলম্বে আলিমা খানের মুক্তি এবং বন্দি দম্পতির জন্য যথাযথ চিকিৎসা ও আইনি সহায়তার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *