ভারতীয় সেনায় ফিরছে রেজিমেন্টাল ঐতিহ্য, বাতিল অভিন্ন পোশাকবিধি

ভারতীয় সেনায় ফিরছে রেজিমেন্টাল ঐতিহ্য, বাতিল অভিন্ন পোশাকবিধি

ভারতীয় সেনাবাহিনীতে শীর্ষ স্তরের আধিকারিকদের জন্য চালু থাকা অভিন্ন পোশাকবিধি বা ‘কমন ইউনিফর্ম’ ব্যবস্থা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন নির্দেশিকা কার্যকর হবে। গত ১৩ নভেম্বর জারি করা এক অভ্যন্তরীণ নির্দেশিকায় এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। এর ফলে ব্রিগেডিয়ার এবং তার ওপরের পদমর্যাদার আধিকারিকরা পুনরায় তাঁদের নিজ নিজ রেজিমেন্টের ঐতিহ্যবাহী পোশাক ও চিহ্ন ব্যবহারের সুযোগ পাবেন।

এই পরিবর্তনের ফলে গোর্খা রাইফেলসের আধিকারিকরা তাঁদের ঐতিহ্যবাহী বিশেষ টুপি পরতে পারবেন। পাশাপাশি, স্পেশাল ফোর্সেসের আধিকারিকদের জন্য তাঁদের পরিচিত মেরুন বেরেট এবং আর্মার্ড রেজিমেন্টের আধিকারিকদের জন্য কালো বেরেট ব্যবহারের নিয়ম ফিরিয়ে আনা হচ্ছে। ২০২৩ সালের আগস্ট মাস থেকে শীর্ষ স্তরের সমস্ত আধিকারিকদের জন্য গাঢ় সবুজ বেরেট ব্যবহারের যে অভিন্ন নিয়ম চালু করা হয়েছিল, তা এখন প্রত্যাহার করা হলো।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে আর্মি কমান্ডার্স কনফারেন্সে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের নেতৃত্বে এই অভিন্ন পোশাকবিধি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেনার শীর্ষ নেতৃত্বের মধ্যে এক সার্বিক সংহতি ও অভিন্ন পরিচয় গড়ে তোলার লক্ষ্যেই সেই সময় এই নিয়ম কার্যকর করা হয়েছিল। তবে দীর্ঘ পর্যালোচনার পর সেনার পক্ষ থেকে সেই সিদ্ধান্ত বদলে ফের পুরোনো রেজিমেন্টাল ঐতিহ্যকেই গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *