জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল রক্ত দেওয়ার অভিযোগ, মৃত রোগী

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল রক্ত দেওয়ার অভিযোগ, মৃত রোগী

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিসিন বিভাগে ভর্তি বীরেন্দ্রনাথ শর্মার রক্তের গ্রুপ ছিল ‘এবি পজিটিভ’। অভিযোগ, নার্সিং স্টাফের ভুলে তাঁকে ‘এ পজিটিভ’ গ্রুপের রক্ত দেওয়া হয়। একই সময়ে পাশের শয্যায় থাকা বলিন রায় নামের অন্য এক রোগীকে ভুলবশত ‘এবি পজিটিভ’ রক্ত দেওয়া হয়। এই অদলবদলের বিষয়টি নজরে আসার পর তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হলেও শেষ পর্যন্ত বুধবার বীরেন্দ্রনাথ শর্মার মৃত্যু হয়। তবে অপর রোগী বলিন রায় বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার পর থেকেই হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ভুল রক্ত দেওয়ার কারণে রোগীর মৃত্যু হয়েছে বলে মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, বীরেন্দ্রনাথ শর্মার দুটি কিডনি আগে থেকেই বিকল ছিল এবং রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি মঙ্গলবারই তাদের রিপোর্ট জমা দিয়েছে।

হাসপাতালের নার্সিং স্টাফের এই মারাত্মক ভুল এবং রোগীর মৃত্যুর দায়ভার নিয়ে এখন বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। সরকারি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার স্বচ্ছতা ও পরিষেবা নিয়ে স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তদন্ত রিপোর্ট জমা পড়লেও এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *