অশান্ত বাংলাদেশ: বাসে অগ্নিসংযোগে মৃত্যু কন্ডাক্টরের, পোশাক শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর

অশান্ত বাংলাদেশ: বাসে অগ্নিসংযোগে মৃত্যু কন্ডাক্টরের, পোশাক শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে গুঞ্জনের আবহে বুধবার সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ ও থানায় অগ্নিসংযোগের ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটি বাসে ঘুমন্ত অবস্থায় থাকা ২৫ বছর বয়সি এক কন্ডাক্টর অগ্নিদগ্ধ হয়ে মারা যান। স্থানীয় থানা জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

অন্যদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে বুধবার সকাল থেকে গাজীপুরে পথে নেমেছেন পোশাক শ্রমিকেরা। ঢাকা-ময়মনসিংহ সংযোগকারী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানোয় ওই এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় গাজীপুরের ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

বিক্ষোভকারীদের সরাতে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। দফায় দফায় আলোচনার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা সাময়িকভাবে ছত্রভঙ্গ হলেও পরে তারা অন্য জায়গায় গিয়ে পুনরায় অবরোধ শুরু করেন। সব মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলা অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *