পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

নেটফ্লিক্সে মুক্তি পেতে চলা পাকিস্তানি সিরিজ ‘জো বচে হ্যাঁয় সঙ্গ সমেট লো’ নিয়ে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ভারতে পাকিস্তানের তৈরি কোনো ছবি বা সিরিজ প্রদর্শন না করার বিষয়ে ওটিটি প্ল্যাটফর্মটিকে সতর্ক করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে ফওয়াদ খান ও মাহিরা খান অভিনীত এই সিরিজটির। তবে ভারতে এর সম্প্রচার নিয়ে একাধিক অভিযোগ ও আবেদন জমা পড়ার পরই মন্ত্রক এই পদক্ষেপ গ্রহণ করেছে।

কেন্দ্রীয় মন্ত্রকের তরফে নেটফ্লিক্সকে ২০২৫ সালের ৮ মে জারি করা সরকারি নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। পহলগাঁও হামলার পরবর্তী সময়ে জারি করা ওই নির্দেশিকায় ভারতের সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমকে পাকিস্তানে নির্মিত কনটেন্ট সম্প্রচার বন্ধ রাখতে বলা হয়েছিল। এছাড়া দুই দেশের শিল্পীদের যৌথ কাজের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই সিরিজটি নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও নেটফ্লিক্স ইন্ডিয়াকে চিঠিও পাঠিয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স কর্তৃপক্ষ সরকারকে জানিয়েছিল যে, ভারতীয় দর্শকদের জন্য তাদের প্ল্যাটফর্মে পাকিস্তানের কোনো ছবি বা সিরিজ রাখা হয়নি। সাম্প্রতিক বার্তায় মন্ত্রক সেই অঙ্গীকারের কথা নতুন করে মনে করিয়ে দিয়েছে। ফরহাত ইশতিয়াকের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে ফওয়াদ ও মাহিরার পাশাপাশি সনম সইদ ও হানিয়া আমিরসহ একাধিক শিল্পী অভিনয় করেছেন। জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষিতেই এই কড়া নির্দেশিকা কার্যকর রাখা হয়েছে বলে মন্ত্রক সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *