ছোটপর্দায় বিশেষ চরিত্রে শিলাজিৎ মজুমদার, কোন ধারাবাহিকে দেখা যাবে গায়ককে?

বড়পর্দার পর এবার ছোটপর্দায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় গায়ক ও অভিনেতা শিলাজিৎ মজুমদারকে। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘আদরের নৌকো’-তে একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে শিলাজিতের উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, কলেজের একটি অনুষ্ঠানে শিলাজিতের গান গাওয়ার কথা ছিল। কিন্তু শৌর্যের মায়ের আপত্তির কারণে সে অনুষ্ঠানে যেতে পারে না। বন্ধুর স্বপ্ন পূরণ করতে রাজি এবং তার বন্ধুরা শৌর্যের বাড়িতেই শিলাজিৎকে নিয়ে হাজির হয়। সেখানে শৌর্যের মায়ের আপত্তি উপেক্ষা করেই শিলাজিৎ তাঁর জনপ্রিয় গান ‘ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস’ পরিবেশন করেন।
এই ধারাবাহিকে শৌর্যের চরিত্রে অভিনয় করছেন অর্কপ্রভ রায় এবং রাজির ভূমিকায় রয়েছেন শিরিন পাল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জিৎ সুন্দর, দেবজ্যোতি রায়চৌধুরী ও শ্রীময়ী চট্টরাজ। ধারাবাহিকটি প্রতিদিন রাত সাড়ে ৮টায় সম্প্রচারিত হয়। শিলাজিৎ মজুমদার অভিনীত এই বিশেষ পর্বগুলি আগামী ২৮ ও ২৯ নভেম্বর দর্শকদের জন্য সম্প্রচারিত হবে।