শ্রেয়া ঘোষালের কনসার্টে বাদশার সঙ্গে পারফরম্যান্স, র্যাপারকে দিলেন বিশেষ উপাধি

সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত শ্রেয়া ঘোষালের ‘দ্য আনস্টপেবল ট্যুর’-এর মঞ্চে বিশেষ চমক হিসেবে হাজির হয়েছিলেন জনপ্রিয় র্যাপার বাদশা। প্রায় ১৫ হাজার দর্শকের উপস্থিতিতে দুই শিল্পী প্রথমবারের মতো সরাসরি দর্শকদের সামনে তাঁদের সাম্প্রতিক গান ‘মাহিয়া’ পরিবেশন করেন। স্টুডিওর বাইরে লাইভ কনসার্টে এই জুটির রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।
মঞ্চে বাদশার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন শ্রেয়া। তিনি র্যাপারকে ‘সবচেয়ে বড় সুপারস্টার’ হিসেবে অভিহিত করেন। তবে জনপ্রিয়তার আড়ালে বাদশার যে এক মিষ্টি ও শিশুসুলভ স্বভাব রয়েছে, তা উল্লেখ করে মজার ছলে তাঁকে ‘পুকি’ বলে সম্বোধন করেন গায়িকা। শ্রেয়া জানান, স্টুডিওর মতো লাইভ মঞ্চেও বাদশার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত আনন্দদায়ক ছিল।
নিজের দীর্ঘ ২০ বছরের সংগীতজীবন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বাদশা। তিনি জানান, সংগীতশিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়াই ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। শ্রেয়ার সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেওয়াকে তিনি নিজের ক্যারিয়ারের বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। গায়িকার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাদশা বলেন, শ্রেয়া তাঁকে কেবল মঞ্চেই নয়, সংগীতের জগতেও বিশেষ স্বীকৃতি দিয়েছেন। অনুষ্ঠানের শেষে দুই শিল্পীকে আলিঙ্গন করতেও দেখা যায়।