WBSETCL নিয়োগ: ২০২টি শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের বিস্তারিত

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সঞ্চারণ কোম্পানি লিমিটেড (WBSETCL)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্পেশ্যাল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) গ্রেড-২, জুনিয়র সার্ভেয়ার, অফিস একজিকিউটিভ এবং লাইন্সম্যান পদে মোট ২০২ জন প্রার্থী নিয়োগ করা হবে। এই পদগুলির মধ্যে কিছু আসন সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে, তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিন বছরের ডিপ্লোমা থাকা আবশ্যক। অন্যান্য পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে। পদ অনুযায়ী বেতনকাঠামো ২৩,৪০০ থেকে ১,০৬,৭০০ টাকার মধ্যে নির্ধারিত হয়েছে।
নিয়োগের জন্য প্রার্থীদের কম্পিউটার নির্ভর পরীক্ষা (সিবিটি) এবং ইন্টারভিউ দিতে হবে। পরীক্ষার কেন্দ্র থাকবে কলকাতায়। এছাড়া বাছাই করা প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হবে। নিয়োগের পর প্রথম এক বছর কর্মীদের প্রোবেশন পিরিয়ডে রাখা হবে। আগ্রহী প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য কোনো আবেদনমূল্য জমা দিতে হবে না। আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর।