ঘৃণাকে ভালোবাসায় বদলানোর উপায় জানালেন শাহরুখ খান

মুম্বইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের শান্তি ও সম্প্রীতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন শাহরুখ খান। অনুষ্ঠানে তিনি ছোট ছেলের সঙ্গে হওয়া এক কথোপকথনের কথা তুলে ধরেন। শাহরুখ জানান, তার ছেলে তাকে প্রশ্ন করেছিল কীভাবে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করা সম্ভব। অভিনেতা তার উত্তরে জানান, হিংসা বা মারামারির পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়া এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখা জরুরি। তার মতে, শান্তি কোনো বড় ভাষণের বিষয় নয়, বরং এটি প্রতিটি মানুষের মনের ভেতর থেকে শুরু হওয়া একটি প্রতিদিনের দায়িত্ব ও প্রতিজ্ঞা।
অনুষ্ঠানে ২৬/১১ মুম্বই হামলা, পহেলগাঁওয়ের জঙ্গি হানা এবং দিল্লির বিস্ফোরণে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শাহরুখ। দেশের বীর নিরাপত্তারক্ষীদের কুর্নিশ জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের ক্ষমতাকে খাটো করে দেখা উচিত নয়। মতের অমিল থাকলেও অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা প্রয়োজন। তিনি আরও বলেন, ভারত বরাবরই শান্তি ও সহাবস্থানের উদাহরণ হয়ে এসেছে। তাই জাতপাত ও ভেদাভেদ ভুলে মানবতার পথে হাঁটাই এখন সময়ের দাবি।
দেশের জওয়ানদের সাহসিকতার প্রশংসা করে শাহরুখ বলেন, যারা দেশ পাহারা দেন, তারা ১৪০ কোটি মানুষের আশীর্বাদ নিয়ে কাজ করেন। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, ভয় তাদেরই লাগে যারা দেশের ওপর হামলা চালায়। এই অনুষ্ঠানে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ছাড়াও সচিন তেন্ডুলকর, রণবীর সিং, সুনীল শেট্টি এবং বিক্রান্ত মাসির মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অমৃতা ফড়নবীশের ‘দিব্যজ ফাউন্ডেশন’ আয়োজিত এই অনুষ্ঠানে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল মূল লক্ষ্য।