৫০ বছর পেরিয়েও অমলিন ‘কভি কভি মেরে দিল মে’, ফিরে দেখা এক কালজয়ী প্রেমের গানের ইতিহাস

১৯৭৬ সালের ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল যশ চোপড়া পরিচালিত কালজয়ী সিনেমা ‘কভি কভি’। এই ছবির টাইটেল ট্র্যাক ‘কভি কভি মেরে দিল মেঁ’ আজও হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় প্রেমের গান হিসেবে বিবেচিত হয়। সাহির লুধিয়ানভির লেখা এই কবিতাটি মূলত তাঁর কাব্যসংকলন ‘তলখিয়াঁ’-য় প্রকাশিত হয়েছিল। যশ চোপড়া এই কবিতাটি পড়েই ছবির চিত্রনাট্য তৈরির অনুপ্রেরণা পান। গানটির সুর করেছিলেন খৈয়াম এবং কণ্ঠ দিয়েছিলেন কিংবদন্তি গায়ক মুকেশ।
গানটির নেপথ্যে রয়েছে এক বিশেষ ইতিহাস। শুরুতে এই ছবির সংগীত পরিচালনার দায়িত্বে লক্ষ্মীকান্ত-প্যারেলাল থাকলেও, সাহির লুধিয়ানভির অনুরোধে যশ চোপড়া খৈয়ামকে বেছে নেন। গানটির সুর ও মুকেশের অকৃত্রিম কণ্ঠের জাদুতে এটি সেই সময়ের রেডিও কাউন্টডাউন ‘বিনাকা গীতমালা’-র বার্ষিক তালিকায় শীর্ষস্থান দখল করেছিল। ছবিতে অমিতাভ বচ্চনের আবৃত্তি এবং মুকেশ ও লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি বিভিন্ন রূপে শ্রোতাদের মন জয় করে নেয়।
১৯৭৭ সালের ফিল্মফেয়ার পুরস্কারে ‘কভি কভি’ চারটি বিভাগে জয়ী হয়। এর মধ্যে সেরা গীতিকার হিসেবে সাহির লুধিয়ানভি এবং সেরা পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবে মুকেশ পুরস্কার পান। তবে মুকেশের মৃত্যুর পর এই পুরস্কার তাঁর কাছে মরণোত্তর সম্মান হিসেবে পৌঁছায়। মুক্তির পাঁচ দশক পরেও সাহিরের গভীর কথা, খৈয়ামের সুর এবং মুকেশের কণ্ঠের এই মেলবন্ধন আজও সংগীতপ্রেমীদের কাছে সমানভাবে অমলিন ও জনপ্রিয় হয়ে রয়েছে।