রাবণকে মহিমান্বিত করার অভিযোগ, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিষিদ্ধ করার দাবি বিশ্ব হিন্দু পরিষদের

রাবণকে মহিমান্বিত করার অভিযোগ, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিষিদ্ধ করার দাবি বিশ্ব হিন্দু পরিষদের

নীতীশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমাটি ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই ছবিটিতে রাবণকে মহিমান্বিত করা এবং সীতাকে অস্ত্র হাতে যুদ্ধে নামানোর মতো বিষয় নিয়ে আপত্তি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের অভিযোগ, মহর্ষি বাল্মীকির মূল রামায়ণের আখ্যানকে বিকৃত করে পর্দায় উপস্থাপন করা হয়েছে। অবিলম্বে সেন্সর বোর্ডের ছাড়পত্র বাতিল করে ছবিটির প্রদর্শন বন্ধ করার দাবি জানিয়েছে তারা।

বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক বজরংলাল বাগড়ার দাবি, ছবিতে অহল্যা উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে রামের সখ্য এবং কেবটের ভক্তির মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো বাদ দেওয়া হয়েছে। তাঁর মতে, রাবণকে শোষিত ও বঞ্চিতদের ত্রাতা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে, যা মূল রামায়ণের ভাবমূর্তির পরিপন্থী। সংগঠনের অভিযোগ, এই রদবদল কেবল সিনেমার প্রয়োজনে নয়, বরং হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যেই করা হয়েছে।

এদিকে, হিন্দু জনজাগৃতি সমিতিও এই ছবির বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। মুম্বই ও কোল্হাপুরে বিক্ষোভ প্রদর্শন করে তারা আপত্তিকর দৃশ্য ও সংলাপ ছাঁটাইয়ের দাবি জানিয়েছে। ভবিষ্যতে ছবির পরবর্তী কিস্তিগুলো মুক্তির আগে ধর্মীয় বিশেষজ্ঞ ও সাধু-সন্তদের নিয়ে প্রিভিউ করার আর্জিও জানানো হয়েছে। উল্লেখ্য, এই ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করেছেন। ছবিটির দ্বিতীয় পর্ব ২০২৮ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *