বিগ বস: ‘টিকিট টু ফিনালে’ জয়ী হয়েও তা ফিরিয়ে দিতে চাইলেন জীতু

বিগ বসের ঘরে ‘টিকিট টু ফিনালে’ জয়ের পর থেকেই বিতর্কের মুখে অভিনেতা জীতু। রিকশা টাস্কের সময় সৌরভের সঙ্গে তাঁর আচরণের কারণে এই জয় নিয়ে প্রশ্ন ওঠে। নিয়ম অনুযায়ী রিকশা বা প্রতিযোগীকে ধাক্কা দেওয়া নিষিদ্ধ থাকলেও, অভিযোগ ওঠে যে জীতু সৌরভকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেন। এতে সৌরভ চোট পান এবং রিকশার ছাউনিও ভেঙে যায়। এই ঘটনার পরেই জীতুর জয় নিয়ে বাড়ির অন্দরে ও বাইরে তীব্র সমালোচনা শুরু হয়।
বিগ বস শেষ পর্যন্ত জীতুকেই বিজয়ী ঘোষণা করে পুরস্কার তুলে দিলেও, গভীর রাতে তিনি কনফেশন রুমে গিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান। জীতু বিগ বসকে অনুরোধ করেন, যদি নিয়মের কোনো বাধা না থাকে, তবে যেন তাঁর এই ‘টিকিট টু ফিনালে’ ফিরিয়ে নেওয়া হয়। তিনি জানান, এভাবে ফাইনালে পৌঁছাতে চান না এবং আগামী দুই সপ্তাহ প্রতিযোগিতার বাকি ধাপগুলোতে লড়াই করেই নিজের জায়গা পাকা করতে আগ্রহী।
জীতুর এই আবেদন বিগ বস গ্রহণ করবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। কেউ কেউ একে জীতুর কৌশল হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন তিনি ফেয়ার খেলার চেষ্টা করছেন না। শনিবার ‘দাদার দরবারে’ এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন দর্শকরা।