যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক, উপাচার্যকে চিঠি ১৫ ইসি সদস্যের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক, উপাচার্যকে চিঠি ১৫ ইসি সদস্যের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার পদে নতুন করে বিজ্ঞাপন জারি করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের কাছে চিঠি দিয়েছেন ১৫ জন ইসি সদস্য। তাঁদের অভিযোগ, গত ৪ সেপ্টেম্বর ইসি-র বৈঠকে এই দুই পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে বেশ কিছু আবেদনও জমা পড়েছে। সেই আবেদনগুলো বিবেচনা না করে নতুন করে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের আইন ও ইসি-র প্রস্তাবের পরিপন্থী বলে দাবি করেছেন তাঁরা।

ইসি সদস্যদের আশঙ্কা, নতুন বিজ্ঞাপনের ফলে নিয়োগ প্রক্রিয়া অযথা দীর্ঘায়িত হবে। অন্যদিকে, উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, সংশ্লিষ্ট নির্বাচন কমিটির সদস্যরা নিয়ম মেনেই নতুন বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, আগের আবেদনগুলোর ভিত্তিতেই সাক্ষাৎকার নিতে হবে এমন কোনো বাধ্যতামূলক সিদ্ধান্ত ইসি-র বৈঠকে নেওয়া হয়নি। প্রয়োজনে বিষয়টি পরবর্তী ইসি বৈঠকে অনুমোদনের জন্য পেশ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ও নিয়ম মেনে চলার বিষয়ে কর্তৃপক্ষ দায়বদ্ধ বলে উপাচার্য দাবি করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮১-এর ১১(১) এবং ১৩(১) ধারা অনুযায়ী নতুন বিজ্ঞাপন দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার নির্বাচন কমিটির নেই। ইসি-র সিদ্ধান্তের সঙ্গে বিরোধ তৈরি করে নির্বাচন কমিটি এমন কোনো কার্যকরী সিদ্ধান্ত নিতে পারে না বলেও ওই সূত্রের দাবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *