নতুন ধারাবাহিকে সাত বছরের ‘ভূত গিন্নি’র দাপট, আসছে জিলিপিলতা

টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘ভূত গিন্নি জিলিপিলতা ফ্রম ১৯৪২’। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র জিলিপি, যে ১৯৪২ সালের সাত বছরের এক ছোট্ট মেয়ে। দীর্ঘ আট দশক পর সে তার পূর্বপুরুষের বাড়ি পাকরাশি পরিবারে ফিরে আসে। তবে এত বছর পেরিয়ে গেলেও তার ধারণা, সে-ই এই পরিবারের সবচেয়ে প্রবীণ গিন্নি। তাই বাড়ির সকলের ওপর নিজের কর্তৃত্ব ফলাতে সে বিন্দুমাত্র দ্বিধা করে না।
১৯৪২ সালের জিলিপির কাছে ২০২৬ সালের আধুনিক জীবনযাত্রা, সম্পর্কের সমীকরণ এবং মানুষের অভ্যাসগুলো একেবারেই অচেনা। এই নতুন পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে গিয়ে তৈরি হয় নানা হাসির মুহূর্ত। কখনও তার বিস্ময়, কখনও বিভ্রান্তি, আবার কখনও একগুঁয়েমি দর্শকদের আনন্দ দেবে। তবে এই দাপুটে স্বভাবের আড়ালে পরিবারের প্রতি তার গভীর ভালোবাসা ও আগলে রাখার মানসিকতা চরিত্রটিকে বিশেষ মাত্রা দিয়েছে।
জিলিপির চরিত্রে অভিনয় করছেন শ্রীজয়ী মজুমদার। তিনি জানান, সাত বছর বয়সেও নিজেকে বাড়ির ঠাকুমা মনে করা এবং সবার ওপর খবরদারি করার বিষয়টি বেশ মজার। আধুনিক পৃথিবীকে বোঝার চেষ্টা করার দৃশ্যগুলোও বেশ উপভোগ্য। আগামী ২৩ নভেম্বর থেকে সোম থেকে শুক্র, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সোনি আটে দেখা যাবে এই ধারাবাহিক। পাকরাশি পরিবারে এই খুদে ভূতের দাপটে কী কী ওলটপালট ঘটে, সেটাই এখন দেখার বিষয়।