ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। স্থলভাগে প্রবেশের আগে ঘূর্ণিঝড়টি কিছুটা শক্তি হারালেও এর প্রভাবে উপকূলীয় ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ৪০ থেকে ৫০ কিমি বেগে এবং অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে এবং সোমবার থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় দিনভর বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শহরে গত ২৪ ঘণ্টায় ৫২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২১ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২০ নভেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *