প্রধানমন্ত্রী মোদীর অনুপ্রেরণায় তৈরি হয়েছিল অক্ষয়ের ‘টয়লেট: এক প্রেম কথা’

প্রধানমন্ত্রী মোদীর অনুপ্রেরণায় তৈরি হয়েছিল অক্ষয়ের ‘টয়লেট: এক প্রেম কথা’

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ক্যারিয়ারের অন্যতম সফল ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’। বিশ্বজুড়ে ৩০০ কোটিরও বেশি আয় করা এই ছবিটি তৈরির নেপথ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০১৪ সালের স্বচ্ছ ভারত অভিযান। সম্প্রতি এক ভিডিয়োতে অক্ষয় কুমার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা ও স্যানিটেশন সংক্রান্ত বক্তব্য তাঁকে নারীদের শৌচাগারের অভাবজনিত সমস্যার বিষয়ে গভীরভাবে ভাবিয়ে তোলে। দেশের বহু নারীর শৌচাগারের অভাবে যে সমস্যার সম্মুখীন হতে হয়, তা জানার পরই তিনি এই বিষয়ের ওপর কাজ করার সিদ্ধান্ত নেন।

এই ছবির গল্পের পেছনে রয়েছে মধ্যপ্রদেশের বেতুল জেলার বাসিন্দা অনিতা নারের বাস্তব জীবনের ঘটনা। ২০১১ সালে বিয়ের মাত্র দুই দিন পর শ্বশুরবাড়িতে শৌচাগার না থাকায় অনিতা খোলা জায়গায় শৌচকর্ম করতে অস্বীকার করেন এবং বাপের বাড়ি ফিরে যান। তাঁর এই সাহসী পদক্ষেপের পর স্বামী শিবরাম নার গ্রাম পঞ্চায়েতের সহায়তা ও নিজের জমানো টাকায় মাত্র আট দিনে বাড়িতে পাকা শৌচাগার নির্মাণ করেন। শৌচাগার তৈরির পরই অনিতা শ্বশুরবাড়িতে ফিরে আসেন।

অনিতার এই প্রতিবাদ গ্রামীণ ভারতে পরিচ্ছন্নতা নিয়ে এক নীরব বিপ্লবের সূচনা করেছিল। তাঁর এই সাহসিকতার জন্য তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল তাঁকে রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা দিয়েছিলেন এবং সুলভ ইন্টারন্যাশনাল তাঁকে পুরস্কৃত করে। অক্ষয় কুমারের মতে, প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের বার্তা এবং অনিতার মতো বাস্তব জীবনের ঘটনাগুলোই তাঁকে এই ছবি তৈরিতে উদ্বুদ্ধ করেছিল। ছবিটি দর্শকদের সামনে তুলে ধরার মাধ্যমে তিনি সামাজিক সচেতনতা প্রসারের চেষ্টা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *