পুরুলিয়ার ভিকি রায়ের জীবনকাহিনি নিয়ে তৈরি হচ্ছে হলিউড সিনেমা

পুরুলিয়ার ভিকি রায়ের জীবনকাহিনি নিয়ে তৈরি হচ্ছে হলিউড সিনেমা

পুরুলিয়ার তালডাঙার বাসিন্দা ভিকি রায়ের জীবনসংগ্রাম এবার উঠে আসতে চলেছে হলিউডের পর্দায়। মাত্র ১১ বছর বয়সে ঘর ছেড়ে দিল্লিতে পাড়ি দিয়েছিলেন তিনি। অচেনা শহরে টিকে থাকার লড়াইয়ে রেলস্টেশনে জলের বোতল বিক্রি থেকে শুরু করে ধাবায় বাসন মাজার মতো কাজও করতে হয়েছে তাঁকে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিলেন ভিকি।

দিল্লির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সংস্পর্শে আসার পর তাঁর জীবনের মোড় ঘুরে যায়। ফটোগ্রাফির প্রতি আগ্রহ থেকে তিনি এই পেশায় নিজেকে নিয়োজিত করেন। ২০০৭ সালে তাঁর প্রথম একক আলোকচিত্র প্রদর্শনী ‘স্ট্রিট ড্রিমস’ অনুষ্ঠিত হয়। এরপর নিউ ইয়র্কের ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফটোগ্রাফি থেকে ডকুমেন্টারি ফটোগ্রাফির ওপর কোর্স সম্পন্ন করেন তিনি। আন্তর্জাতিক স্তরে পরিচিতি পাওয়ার পাশাপাশি ২০১৪ সালে তিনি এমআইটি মিডিয়া ফেলোশিপ এবং ২০১৬ সালে ফোর্বস এশিয়ার ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় স্থান পান।

বর্তমানে ভিকির জীবনকাহিনি অবলম্বনে চিত্রনাট্য তৈরির কাজ চলছে, যা থেকে হলিউডে সিনেমা নির্মিত হবে। একসময়ের পথশিশু থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী হয়ে ওঠার এই সফর এখন অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস। পুরুলিয়ার এই ভূমিপুত্রের সাফল্যে গর্বিত তাঁর জেলাবাসী ও পরিচিতরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *