ফ্রিজে লেবু দীর্ঘদিন সতেজ রাখার সহজ উপায়

বাজার থেকে একসঙ্গে অনেক লেবু কিনে রাখলে কয়েক দিনের মধ্যেই তা শুকিয়ে শক্ত হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। অনেক সময় খোসায় ছত্রাক পড়ে বা লেবুর ভেতরের রস শুকিয়ে যায়। এই সমস্যা এড়াতে কেনার সময় সতর্ক হওয়া প্রয়োজন। খুব নরম, কুঁচকে যাওয়া বা দাগযুক্ত লেবু এড়িয়ে শক্ত ও টাটকা লেবু বেছে নিন। বাড়িতে আনার পর পচা লেবু আলাদা করে ফেলুন, যাতে অন্যগুলো নষ্ট না হয়।
লেবু ফ্রিজে রাখার আগে খোসা ভালো করে মুছে শুকিয়ে নেওয়া জরুরি। ভেজা লেবু একসঙ্গে রাখলে পচন বা ছত্রাক ধরার আশঙ্কা বাড়ে। যে পাত্রে লেবু রাখবেন, সেটিও পরিষ্কার ও শুকনো হওয়া প্রয়োজন। আর্দ্রতা জমলে লেবু দ্রুত নষ্ট হয়ে যায়, তাই পাত্রের ভেতরে সুতির কাপড় ব্যবহার করতে পারেন। কাপড় ভিজে গেলে তা নিয়মিত বদলে দেওয়া উচিত।
লেবু দীর্ঘদিন ভালো রাখতে চাইলে খোসায় সামান্য ভোজ্য তেল মাখিয়ে রাখা যেতে পারে। তবে সব লেবু একসঙ্গে ব্যবহার না করে পুরোনো বা দাগযুক্ত লেবু আগে ব্যবহার করা ভালো। যদি অনেক লেবু একসঙ্গে কিনে ফেলেন এবং ব্যবহারের সুযোগ না থাকে, তবে লেবুর রস বের করে ছোট ছোট ভাগে জমিয়ে রাখতে পারেন। প্রয়োজনে সেই রস রান্না বা শরবত তৈরিতে ব্যবহার করা সম্ভব। নিয়মিত পরীক্ষা করলে এবং সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করলে লেবু দীর্ঘদিন সতেজ রাখা যায়।