বাংলাদেশে রবি ও সোমবার টানা লকডাউনের ডাক, দেশজুড়ে কড়া নিরাপত্তা

আওয়ামি লিগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, শেখ হাসিনার ফাঁসি রদ এবং রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে রবি ও সোমবার বাংলাদেশে টানা দুই দিনের লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর এক দিনের কর্মসূচির পর ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অনলাইনে এই লকডাউনের ঘোষণা দেয় দলটি। এই কর্মসূচিকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লকডাউনের সমর্থনে গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, নড়াইল, মাগুরা ও বরিশালের বিভিন্ন এলাকায় মশাল মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।
লকডাউন কর্মসূচি ঠেকাতে সরকার দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। রাজধানী ঢাকা থেকে বিভিন্ন জেলায় প্রবেশের পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চৌকি বসিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা-সহ সাতটি জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিশেষ করে সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারের শিল্প ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে ৩০টি সীমান্তবর্তী জেলায় পুলিশকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন স্থানে বিএনপি কর্মীদেরও রাস্তায় চেক পয়েন্ট বসিয়ে গাড়ি তল্লাশি করতে দেখা গেছে। লকডাউনের আগের দুই দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, মানিকগঞ্জ, পিরোজপুর ও সাভারসহ বিভিন্ন এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর ফলে রবি ও সোমবার দূরপাল্লার বেশিরভাগ পরিবহন বন্ধ থাকার আশঙ্কা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সমন্বয়ে টহল বাড়ানো হয়েছে এবং ড্রোন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।