উত্তরাখণ্ডে গভীর খাদে গাড়ি, মৃত ৮

উত্তরাখণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। শনিবার পৌড়ি গাড়ওয়াল জেলার রিখণীখাল ও ল্যান্সডাউন এলাকার কালওয়ারি গ্রামের কাছে একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় চালকসহ আটজনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা বলে জানা গেছে।
ল্যান্সডাউন মহকুমা ম্যাজিস্ট্রেট শালিনী মৌর্য জানিয়েছেন, গাড়িটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। স্থানীয় বিধায়ক দিলীপ রাওয়াত জানান, মহিলারা একটি দলীয় সভায় অংশ নিয়ে রিখানিখাল থেকে নিজেদের গ্রামে ফেরার পথে এই বিপত্তি ঘটে। খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে এবং গুরুতর আহতদের প্রয়োজনে আকাশপথে উন্নততর চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।