বিগ বস বাংলা: জিতুর আচরণে অতিষ্ঠ সৃজলা, শো ছাড়ার ইচ্ছাপ্রকাশ করলেন অভিনেত্রী

বিগ বস বাংলার অন্দরে জিতু কমল এবং সৃজলা গুহর সম্পর্কের সমীকরণ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। শোয়ের ফিনালের কাছাকাছি এসে জিতুর আচরণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন সৃজলা। জিতুর প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় অভিনেতা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ। সৃজলার দাবি, জিতু তাঁকে ‘চিটার’ তকমা দিয়েছেন এবং মেজাজ হারিয়ে চোটপাট করছেন। এই পরিস্থিতিতে সৃজলা শো ছেড়ে বেরিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই পরিবেশে আর থাকা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
সৃজলার এই মানসিক অবস্থার কথা শুনে মনামী ঘোষ তাঁকে একা খেলার পরামর্শ দেন। অন্যদিকে, তনুশ্রী রায় দাসের প্রতিক্রিয়া ছিল বেশ কঠোর। সৃজলা যখন বেরিয়ে যাওয়ার কথা বলেন, তখন তনুশ্রী তাঁকে শান্ত হওয়ার পরামর্শ দিলেও, পরে নিরঞ্জনের কাছে মন্তব্য করেন যে সৃজলা বেরিয়ে গেলে বাকিদের সুবিধা হবে। এই মন্তব্য ঘিরে প্রতিযোগীদের মধ্যে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে।
উল্লেখ্য, চলতি সপ্তাহে সৃজলা, নিরঞ্জন, তনুশ্রী এবং রাজবীর নমিনেশনের তালিকায় রয়েছেন। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় চলা এই রিয়্যালিটি শোয়ের শেষ পর্যায়ে এসে প্রতিযোগীদের মধ্যে স্নায়ুর লড়াই তুঙ্গে। কে শেষ পর্যন্ত টিকে থাকবেন এবং কার যাত্রা এখানেই শেষ হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে।