মাদ্রাসায় আর মিলবে না শুক্রবারের ছুটি! রবিবারে সিলমোহর রাজ্যের, তীব্র ক্ষোভ শিক্ষকমহলে

মাদ্রাসায় আর মিলবে না শুক্রবারের ছুটি! রবিবারে সিলমোহর রাজ্যের, তীব্র ক্ষোভ শিক্ষকমহলে

স্কুলের সিলেবাস ও ইউনিফর্মের পর এবার রাজ্যের মাদ্রাসাগুলির সাপ্তাহিক ছুটি নিয়ে বড়সড় নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত স্বীকৃত মাদ্রাসায় রবিবার ছাড়া অন্য কোনো কর্মদিবসে আর সাপ্তাহিক ছুটি রাখা যাবে না। পর্ষদের নির্দেশ অনুযায়ী, অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর করতে হবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ২০২৬ সালের শিক্ষাবর্ষের ক্যালেন্ডার এবং ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট মেনে শুধুমাত্র রবিবারকেই একমাত্র সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য করা হবে। এর ফলে সপ্তাহের অন্যান্য সাধারণ কর্মদিবসগুলিতে রাজ্যের সমস্ত স্বীকৃত মাদ্রাসা খোলা রেখে স্বাভাবিক পঠনপাঠন ও প্রশাসনিক কাজ চালিয়ে যেতে হবে। তবে রাজ্য সরকার বা পর্ষদ ঘোষিত অন্যান্য সরকারি এবং ধর্মীয় উৎসবের ছুটি আগের মতোই বহাল থাকবে। শিক্ষাবর্ষে সমতা বজায় রাখা এবং পঠনপাঠনের দিনগুলির যথাযথ ব্যবহার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে।

যদিও সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে রাজ্যের শিক্ষক সংগঠনগুলি। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, সাধারণত রাজ্যের মাদ্রাসাগুলিতে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকত। রবিবার বাদে অন্য কোনো দিন ছুটি না রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তাঁর দাবি, এই পদক্ষেপ সংবিধানে উল্লিখিত সংখ্যালঘু অধিকারকে সংকুচিত করে।

প্রসঙ্গত, মাদ্রাসাগুলির পরিচালন ব্যবস্থা নিয়ে এর আগেই কড়াকড়ি শুরু করেছিল রাজ্য প্রশাসন। আইনমাফিক না চলা এবং একাধিক গুরুতর অসঙ্গতির প্রমাণ মেলায় ইতিমধ্যেই ২৫২টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার সাপ্তাহিক ছুটির নিয়মে এই পরিবর্তনের জেরে শিক্ষকমহলে নতুন করে বিতর্ক ও অসন্তোষ দানা বেঁধেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *