আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের চোখরাঙানি, তবে বৃষ্টির ভয় নেই! ডিসেম্বরের কোন তারিখ থেকে জাঁকিয়ে শীত বাংলায়?

বাতাসে হিমেল পরশ ক্রমশ স্পষ্ট হচ্ছে, আর সেই সঙ্গেই জাঁকিয়ে শীতের অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসী। ঠিক এমন সময়েই দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ইঙ্গিত মিলেছে। তবে শীতপ্রেমীদের জন্য স্বস্তির খবর, এই ঘূর্ণাবর্তের জেরে এখনই বাংলার আকাশে বৃষ্টির কোনো ভ্রুকুটি নেই।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতার আকাশ মূলত পরিষ্কার ও রোদ ঝলমলে থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আপাতত মোটের ওপর শুষ্কই থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ দেখা যাবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান—কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। তবে পাহাড় ও সমতলের তাপমাত্রায় বড়সড় ফারাক নজরে আসছে। শুক্রবার উত্তরবঙ্গের সমতলের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কোচবিহারে, যেখানে পারদ নেমেছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে, দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে; সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
এবার প্রশ্ন, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে? আবহাওয়া দফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এই সময়কালে পারদ স্বাভাবিকের আশেপাশেই থাকবে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোলেই বদলে যাবে ছবি। ৪ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে দুই বঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা একধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। ফলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে পুরোদমে শীতের আমেজ মিলবে বলে মনে করছেন আবহবিদরা।