শ্রীদেবীর মৃত্যুতে কোনো ষড়যন্ত্র ছিল না, আট বছর পর মুখ খুললেন প্রাক্তন রাষ্ট্রদূত

শ্রীদেবীর মৃত্যুতে কোনো ষড়যন্ত্র ছিল না, আট বছর পর মুখ খুললেন প্রাক্তন রাষ্ট্রদূত

বলিউড অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যু নিয়ে দীর্ঘ আট বছর পর নিজের অবস্থান স্পষ্ট করলেন সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলের বাথটাব থেকে অভিনেত্রীর নিথর দেহ উদ্ধার হওয়ার পর থেকেই তাঁর মৃত্যু নিয়ে নানা জল্পনা ও ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়ে পড়েছিল। সেই সময় দুবাইয়ে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা সুরি জানিয়েছেন, এই ঘটনায় কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি।

প্রাক্তন এই কূটনীতিক জানান, শ্রীদেবীর মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়ায় তিনি দুবাই প্রশাসন ও কাপুর পরিবারের মধ্যে সেতুবন্ধনের কাজ করেছিলেন। সংবাদমাধ্যমে ক্রমাগত জল্পনা ছড়ানোর কারণে দুবাই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে। যথাযথ নিয়ম মেনে ময়নাতদন্ত ও ভিসেরা পরীক্ষার পাশাপাশি বনি কাপুরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তে কোনো অস্বাভাবিকতা বা ষড়যন্ত্রের ইঙ্গিত মেলেনি বলেই তিনি সাফ জানিয়েছেন।

সাক্ষাৎকারে নবদীপ সিং সুরি সেই সময়কার ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর অতি-সক্রিয়তা ও আচরণের তীব্র সমালোচনা করেছেন। তাঁর মতে, একটি মর্মান্তিক মৃত্যুকে ঘিরে সংবাদমাধ্যমের একাংশ যেভাবে প্রচার চালিয়েছিল, তা ছিল অত্যন্ত কুৎসিত ও অস্বাভাবিক। সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ও গুজব ঠেকাতেই তাঁকে সে সময় প্রকাশ্যে আসতে হয়েছিল। এত বছর পেরিয়ে গেলেও সংবাদমাধ্যম সেই অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষা নেয়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন প্রাক্তন এই রাষ্ট্রদূত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *