সাড়ে ৫ লক্ষ টাকায় এমবিবিএস ও এমডি ডিগ্রি বিক্রির চক্র ফাঁস, গ্রেপ্তার ৪

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমবিবিএস ও এমডি-র মতো জাল ডিগ্রি বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। ২০২৪ সালের অক্টোবর মাসে রাজস্থান মেডিক্যাল কাউন্সিলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রাজস্থান, মুম্বই ও লখনৌ থেকে অভিযুক্তদের পাকড়াও করে। ধৃতদের মধ্যে রামকিশোর মাহাওয়ার, সত্যজিৎ পানিগ্রাহী, মনীশ মানজি ও খুররম তৌফিক রয়েছে। তদন্তে জানা গিয়েছে, প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার বিনিময়ে এই চক্রটি জাল ডিগ্রি সরবরাহ করত।
পুলিশের তথ্য অনুযায়ী, এই জালিয়াতি চক্রটি সুপরিকল্পিতভাবে কাজ করত। সত্যজিৎ সোশ্যাল মিডিয়ায় ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করতেন এবং মনীশ মানজি জাল মার্কশিট ও সার্টিফিকেট তৈরির দায়িত্বে ছিলেন। এরপর চক্রের এক সদস্য সেই জাল নথি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করে দিত, যাতে তা আসল বলে মনে হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পুরো লেনদেন ও নথিপত্র আদান-প্রদান চলত।
পুলিশ ধৃতদের হেফাজত থেকে বেশ কিছু জাল নথি ও সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছে এবং প্রতারণায় ব্যবহৃত অনলাইন অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে আরও ৪১ জন ভুয়ো আয়ুর্বেদ চিকিৎসকের খোঁজ মিলেছে, যারা জাল শংসাপত্রের ভিত্তিতে চিকিৎসা চালাচ্ছিলেন। পুলিশ এই বিষয়েও তদন্ত শুরু করেছে।