শিলিগুড়িতে গরুর চামড়া মজুত নিয়ে উত্তেজনা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুর, ধৃত ৬

শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় একটি গুদামে গরুর চামড়া ও দেহাংশ মজুত থাকার অভিযোগে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বজরং দলের অভিযোগের ভিত্তিতে প্রধান নগর থানার পুলিশ তদন্তে গেলে স্থানীয়দের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসা দ্রুত সংঘর্ষের রূপ নেয় এবং একদল ব্যক্তি পুলিশকর্মীদের ওপর চড়াও হয়। এই ঘটনায় সাব-ইন্সপেক্টর গৌতম মল্লিক-সহ চারজন পুলিশকর্মী আহত হয়েছেন, যাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার সময় পুলিশের একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ মো. গুলফান, মো. ফিরোজ, মো. শফিকুল, ইরফান আলম, শফুকুল ইসলাম এবং মো. সফিরুল নামে মোট ছয়জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশকর্মীদের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, গুদামের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দাবি, পুলিশ ও বজরং দলের সদস্যরা জোর করে গুদামের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। হিন্দু সংগঠনের নেতা বিক্রমাদিত্য মণ্ডল ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন। পুলিশ জানিয়েছে, গুদামে ঠিক কী মজুত ছিল এবং সংঘর্ষের প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে এবং আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।