ইরানে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চাওয়ায় ১৪ বছরের কিশোরীকে খুন স্বামীর

ইরানে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে চাওয়ায় ১৪ বছরের কিশোরীকে খুন স্বামীর

ইরানের কেরমান প্রদেশে ১৪ বছর বয়সী এক কিশোরীকে খুনের অভিযোগ উঠেছে তার ২০ বছর বয়সী স্বামীর বিরুদ্ধে। সোগান্দ মোশতারেকি নামের ওই কিশোরী সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছিল। ইরানের মানবাধিকার বিভাগের তথ্য অনুযায়ী, পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর আগে সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিল সোগান্দ।

অভিযোগ রয়েছে, সোগান্দকে তার স্বামী সবসময় ঘরবন্দি করে রাখতেন। তাকে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না। স্বামী বাড়ির বাইরে যাওয়ার সময় স্ত্রীকে ঘরে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে যেতেন। সম্প্রতি সোগান্দ তার বাবা-মায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলে স্বামী তাকে খুন করেন। অভিযুক্ত স্বামী পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন।

ইরানে এ ধরনের ঘটনা নতুন নয়। সোগান্দের মৃত্যুর দিনই ফারস প্রদেশে সেপিদে রায়েসি নামে ২১ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারীকে তার স্বামী খুন করেছেন। এছাড়া চলতি মাসের শুরুতে ১৯ বছর বয়সী হেলিয়া ফাতেহি নামে এক তরুণীকে তার পরিবারের সদস্যরা খুন করেছে। পরিবারের অমতে প্রেমের সম্পর্কের জেরে তাকে ঘুমের ওষুধ খাইয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় হেলিয়ার বাবা-মাকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *