২০২৭ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ সমাজবাদী পার্টির

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সংবিধান দিবসের দিনে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দলের বিশেষ ইস্তাহার প্রকাশ করলেন। ‘সাতাশ কা সংকল্প: পিডিএ কা প্রণ পত্র’ শীর্ষক এই ইস্তাহারে পিছিয়ে পড়া শ্রেণি, দলিত এবং সংখ্যালঘুদের উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অখিলেশ যাদবের মতে, নির্বাচনের অনেক আগে এই ইস্তাহার প্রকাশের ফলে দলের প্রতিশ্রুতিগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।
ইস্তাহারে যুবসমাজ ও শিক্ষার ওপর জোর দিয়ে ২৫ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বেকারদের প্রতি মাসে ৫,০০০ টাকা ভাতা এবং নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া রাজ্যে জাতিগত জনগণনা শুরু করা এবং সরকারি ঠিকাদারিতে পিডিএ সম্প্রদায়ের জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করেছেন অখিলেশ।
কল্যাণমূলক প্রকল্পের মধ্যে রয়েছে মাত্র ৫ টাকায় ‘সমাজবাদী ক্যান্টিন’, বিপিএল পরিবারগুলির জন্য ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা এবং ২৬,০০০ প্রাথমিক স্কুল পুনরায় চালু করা। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ এবং প্রবীণ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৪০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ২০২৭ সালের নির্বাচনে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।