ভোটার তালিকা সংশোধন নিয়ে জলপাইগুড়িতে বিতর্ক, পুলিশের নথি সংগ্রহ ঘিরে সরগরম রাজনীতি

জলপাইগুড়িতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের পরিবর্তে পুলিশের মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ পড়া বা ডিলিট হওয়া ভোটারদের নথি সংগ্রহের ঘটনায় তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্ট একযোগে সরব হয়েছে। অভিযোগ, কোনো আগাম নোটিশ ছাড়াই পুলিশকে দিয়ে এই কাজ করানো হচ্ছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানি করছে।
ময়নাগুড়ির বার্নিশ গ্রামপঞ্চায়েত এলাকায় পুলিশের আয়োজিত বিশেষ ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ক্যাম্পে আসা বাসিন্দাদের দাবি, তাঁরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ২০২৬ সালের নির্বাচনের আগে তালিকা থেকে নাম বাদ পড়ায় ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। এর ফলে তাঁরা সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, এই নথি সংগ্রহের বিষয়ে কোনো মাইকিং বা আগাম তথ্য তাঁদের জানানো হয়নি।
এই বিষয়ে সিপিএমের জেলা সম্পাদক পীযূশ মিশ্র ও তৃণমূলের ব্লক সভাপতি মলয় বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ভোটার তালিকা সংশোধনের কাজ নির্বাচন কমিশনের এবং বিএলও-দের মাধ্যমে হওয়া উচিত। পুলিশের এই কাজে কোনো এক্তিয়ার নেই বলে তাঁরা মন্তব্য করেছেন। অন্যদিকে, বিজেপির জেলা সহ-সভাপতি বুবাই কর বিরোধীদের অভিযোগ খারিজ করে জানিয়েছেন, অবৈধ ভোটারদের কোনোভাবেই তালিকায় ঠাঁই দেওয়া হবে না এবং এ বিষয়ে কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।