টুলু মণ্ডলের রক্ষাকবচের মেয়াদ ৭ ডিসেম্বর পর্যন্ত, জানাল কলকাতা হাইকোর্ট

টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর খারিজের আবেদন সংক্রান্ত একটি মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী টুলু মণ্ডল আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন। তাই এই মুহূর্তে মামলার শুনানিতে তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই বলে আদালতের পর্যবেক্ষণ।
রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে জানান, টুলু মণ্ডলের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হওয়া নিয়ে কোনো মামলা আদালতে বিচারাধীন নেই। তাই সেই বিষয়ে আদালত কোনো পদক্ষেপ করতে পারে না। রাজ্যের দাবি, মামলার মাধ্যমে মূলত তদন্তের গতিপথ জানার চেষ্টা করা হচ্ছে। তবে রাজ্যের এই বক্তব্যের বিরোধিতা করেছেন টুলু মণ্ডলের আইনজীবী।
দীর্ঘদিন বিদেশে থাকার কারণে টুলু মণ্ডলের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১৭ নভেম্বর তিনি দেশে ফেরেন এবং এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি জানতে চেয়েছিলেন, তাঁর বিরুদ্ধে নতুন করে কোনো লুকআউট সার্কুলার জারি হয়েছে কি না। এই মামলায় রাজ্যকে টুলু মণ্ডলের বিরুদ্ধে থাকা সমস্ত মামলার কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।