কাটোয়া স্টেশনে বর্ধমান-কাটোয়া লোকাল ট্রেনের কামরায় ভয়াবহ আগুন

বৃহস্পতিবার রাতে কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের কামরায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পৌনে ১০টা নাগাদ বর্ধমান-কাটোয়া লোকাল ট্রেনটি কাটোয়া স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। যাত্রীরা ট্রেন থেকে নেমে যাওয়ার পরেই ভেন্ডার কামরার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলে ওঠে এবং কামরাটির একাংশ পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সময় স্টেশনে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আরপিএফ ও জিআরপি জওয়ানরা। রেলকর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট বা ধূমপান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
স্টেশন ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। উল্লেখ্য, মাত্র নয় মাস আগেও কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। বারবার একই ধরনের ঘটনায় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি বলে জানা গেছে।