দেব দীপাবলিতে বারাণসীর ঘাটে একান্তে সময় কাটালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
টানা শুটিং এবং ছবির প্রচারের ব্যস্ততা কাটিয়ে বারাণসীতে একান্তে সময় কাটালেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিবার বা স্বামী রাজ চক্রবর্তীকে ছাড়াই তিনি বেনারসের বিশ্বখ্যাত দেব দীপাবলি উৎসবে অংশ নিতে সেখানে পাড়ি দেন। কার্তিক পূর্ণিমার তিথিতে লক্ষ লক্ষ প্রদীপের আলোয় সেজে ওঠা গঙ্গার ঘাটের আধ্যাত্মিক পরিবেশের সাক্ষী হয়েছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে শুভশ্রীকে লাল শাড়ি, কপালে তিলক এবং গলায় ফুলের মালা পরিহিত অবস্থায় দেখা গেছে। মন্দির দর্শনের পাশাপাশি বেনারসের স্থানীয় খাবারের স্বাদ নিতেও দেখা গিয়েছে তাকে। ব্যস্ত শিডিউলের মাঝে নিজের জন্য কিছুটা সময় বের করে এই আধ্যাত্মিক সফরে বেশ আনন্দিত অভিনেত্রী।
কাজের ক্ষেত্রে, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ওয়েটিং রুম’ ছবির শুটিং ইতিমধ্যেই শেষ করেছেন শুভশ্রী। এছাড়া রাজ চক্রবর্তী ও শুভশ্রীর যৌথ প্রযোজনায় মুক্তি পেতে চলেছে নতুন ছবি ‘তাণ্ডব’। এই ছবির মাধ্যমেই দীর্ঘ বিরতির পর রাজের প্রযোজনা সংস্থার কাজে ফিরছেন মিমি চক্রবর্তী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পোস্টারে মিমিকে এক নতুন লুকে দেখা গেছে, যা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।