শান্তিপুরের ভাঙা রাসে নারীশক্তির প্রতীক ‘রাইরাজা’, ঐতিহ্যের টানে ভিড় ভক্তদের

নদিয়ার শান্তিপুরের রাস উৎসব প্রায় সাড়ে পাঁচশো বছরের পুরনো ঐতিহ্য বহন করে চলেছে। অদ্বৈত আচার্যের হাত ধরে শুরু হওয়া এই উৎসব সময়ের সঙ্গে সঙ্গে নানা বৈচিত্র্যে সেজে উঠেছে। শান্তিপুরের রাসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ‘ভাঙা রাস’, যা বাংলার অন্য কোথাও দেখা যায় না। এই উৎসবের মূল আকর্ষণ হলো ‘রাইরাজা’। শাড়ি, অলংকার, ফুল ও চন্দনে সজ্জিত হয়ে রাধার রাজবেশে রাইরাজা নগর পরিক্রমায় অংশ নেন, যা দেখার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমান।
রাইরাজার এই রূপের সঙ্গে জড়িয়ে রয়েছে পৌরাণিক কাহিনি। কথিত আছে, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রাসলীলা থেকে কৃষ্ণ অভিমান করে চলে গেলে, গোপিনীদের অনুরোধে রাধা রাজবেশ ধারণ করেছিলেন। সেই থেকেই এই প্রথার প্রচলন। একসময় শুধুমাত্র ব্রাহ্মণ কন্যারাই রাইরাজা সাজতেন, তবে বর্তমানে অন্য বর্ণের নাবালিকারাও এই ভূমিকায় অংশ নিচ্ছেন। অনেকের মতে, এই প্রথা তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে নারীশক্তি ও নারীর স্বতন্ত্র পরিচয়ের এক সাহসী প্রকাশ হিসেবে গণ্য হয়।
রাইরাজার প্রচলন নিয়ে একাধিক মত প্রচলিত রয়েছে। কেউ মনে করেন নবদ্বীপের শাক্ত রাসের সঙ্গে পাল্লা দিতেই শান্তিপুরের গোস্বামীরা এই বর্ণাঢ্য শোভাযাত্রার পরিকল্পনা করেছিলেন। আবার অন্য একটি মত অনুযায়ী, রাসের জনপ্রিয়তা ধরে রাখতে বৈষ্ণবদের নগরকীর্তনের আদলে এই শোভাযাত্রার প্রস্তাব দেওয়া হয়েছিল। অদ্বৈত আচার্যের উত্তরসূরিদের মতে, অদ্বৈত আচার্য নিজের নারায়ণ শিলা ও মদনগোপাল জিউকে কেন্দ্র করেই এই উৎসবের সূচনা করেছিলেন। ইতিহাস ও লোকাচারের মেলবন্ধনে শান্তিপুরের ভাঙা রাস আজও স্বমহিমায় উজ্জ্বল।