বোল্লা কালীর মেলায় ১২-১৪ লক্ষ পুণ্যার্থীর ভিড়, নিরাপত্তার প্রস্তুতি খতিয়ে দেখলেন সুকান্ত মজুমদার

দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা কালীর পুজো ও মেলায় এবার ১২ থেকে ১৪ লক্ষ পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে অনুমান করা হচ্ছে। উত্তরবঙ্গের রাসমেলার পরেই জনসমাগমের বিচারে এই মেলা অন্যতম বৃহৎ। বিপুল এই ভিড় সামলানো এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন ও পুলিশ।
মেলা শুরুর আগের দিন বোল্লা মন্দির ও মেলা চত্বর পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, আইজি নর্থ বেঙ্গল, ডিআইজি মালদা রেঞ্জ, জেলা পুলিশ সুপার, জেলাশাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মন্দির চত্বরে পুজো দেওয়ার পর নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
সুকান্ত মজুমদার জানান, এবার মেলার আগের দিন থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে, যা আগে ভিড় শুরু হওয়ার পর করা হতো। মেলা কমিটি, মন্দির কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে সমন্বয় রেখে এবার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বোল্লা স্টেশনে ট্রেনের স্টপেজ এবং পুজো উপলক্ষে দুটি স্পেশাল ট্রেন চালানোর বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানিয়েছেন। অনলাইন পুজো সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ মেলা কমিটির নিজস্ব বিষয় বলে তিনি উল্লেখ করেন।