সাহিদা ফকিরকে বাংলাদেশে পাঠানোর ঘটনায় পদ্ধতিগত ত্রুটির ইঙ্গিত হাইকোর্টের

সাহিদা ফকিরকে বাংলাদেশে পাঠানোর ঘটনায় পদ্ধতিগত ত্রুটির ইঙ্গিত হাইকোর্টের

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাসিন্দা সাহিদা ফকিরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিল রাজ্য, কেন্দ্র এবং মুম্বই পুলিশ। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। অভিযোগ, গত ১৯ জুলাই মুম্বইয়ে বাজার করতে যাওয়ার সময় নভি মুম্বই পুলিশ সাহিদাকে আটক করে এবং ২৩ জুলাই তাঁকে অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের দাবি, সাহিদা দীর্ঘ ২০ বছর ধরে মুম্বইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন এবং তিনি ভারতীয় নাগরিক।

শুনানি শেষে আদালতের পর্যবেক্ষণ, সাহিদাকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়ায় পুলিশের কিছু পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে। তবে শুধুমাত্র সেই ত্রুটির ভিত্তিতেই তাঁকে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা সম্ভব নয়। রাজ্য সরকার আদালতে জানিয়েছে, সাহিদাকে আটক বা বাংলাদেশে পাঠানোর বিষয়ে মুম্বই পুলিশের তরফে তাদের কাছে কোনো তথ্য নেই। কেন্দ্র ও মুম্বই পুলিশের পক্ষ থেকেও হলফনামা জমা দেওয়া হয়েছে।

আদালত স্পষ্ট করেছে, সাহিদা ভারতীয় নাগরিক কি না, তা নথিপত্র যাচাইয়ের মাধ্যমেই নিশ্চিত করতে হবে। যদি নথিতে প্রমাণিত হয় যে তাঁকে ভুলবশত বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবেই তাঁকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হবে। আগামী ১০ দিনের মধ্যে রাজ্য ও কেন্দ্রের হলফনামার প্রেক্ষিতে মামলাকারীকে পাল্টা জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানিতে সাহিদার নাগরিকত্বের স্বপক্ষে পেশ করা নথিগুলোই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *