বিষ্ণুপুরে তৃণমূল কাউন্সিলরকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, রিপোর্ট তলব হাইকোর্টের

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল কাউন্সিলর জ্ঞানানন্দ সামন্তকে মারধর ও বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী। গত ২৫ অগাস্ট রাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের দাবি, পুলিশকর্মীদের উপস্থিতিতেই দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয়। হামলায় গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে এসএসকেএম ও বিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয়।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানিতে আদালত অভিযোগটিকে অত্যন্ত ‘গুরুতর’ বলে উল্লেখ করেছে। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন বিচারপতি। সংশ্লিষ্ট থানার ইনস্পেক্টর-ইন-চার্জকে নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত কোন পর্যায়ে রয়েছে এবং এখনও পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা বিস্তারিতভাবে জানাতে।
পাশাপাশি, মামলাকারী তৃণমূল কাউন্সিলর ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনার পর কাউন্সিলরের স্ত্রী লিপিকা সামন্ত বিষ্ণুপুর থানায় ইমেলের মাধ্যমে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছিলেন। সেই সঙ্গে পরিবারের সুরক্ষার আর্জিও জানানো হয়েছিল। আদালত এখন পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপের নির্দেশ দিয়েছে।