৩৭ বছরে প্রথম: কাশ্মীর উপত্যকায় সক্রিয় নেই কোনও স্থানীয় জঙ্গি

কাশ্মীর উপত্যকায় জঙ্গি দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা সংস্থাগুলির দাবি অনুযায়ী, গত ৩৭ বছরের মধ্যে এই প্রথমবার উপত্যকায় কোনও স্থানীয় জঙ্গি সক্রিয় নেই। কুলগামে লতিফ ভাট নামে শেষ সক্রিয় স্থানীয় জঙ্গির মৃত্যুর পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। এক সময় কাশ্মীরের যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার প্রবণতা থাকলেও, গত কয়েক বছরে সেই সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে।
পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে ১৯৬ জন স্থানীয় যুবক জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। এরপর ২০২১ সালে ১৪৬, ২০২২ সালে ১২১ এবং ২০২৩ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১৯-এ। ২০২৪ সালে মাত্র ৪ জন এবং ২০২৫ সালে একজন স্থানীয় যুবক জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল। চলতি বছরে এখনও পর্যন্ত এই সংখ্যা শূন্য বলে নিরাপত্তা সূত্রের দাবি।
স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার প্রবণতা কমে গেলেও, বর্তমানে নিরাপত্তা সংস্থাগুলির নজরে রয়েছে পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। গোয়েন্দা তথ্যানুযায়ী, পীর পাঞ্জালের উত্তরে প্রায় ৩৫ জন পাকিস্তানি জঙ্গি সক্রিয় থাকতে পারে। শীতের মরশুমে তুষারপাতের আগে অনুপ্রবেশের আশঙ্কা থাকায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনী পাকিস্তান থেকে আসা জঙ্গিদের পাশাপাশি তাদের সহযোগী নেটওয়ার্কের ওপরও কড়া নজর রাখছে। দুর্গম পাহাড়ি ও জঙ্গল এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হয়েছে যাতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা যায়। পাকিস্তানি জঙ্গিদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী বর্তমানে বিশেষ তৎপরতা চালাচ্ছে।