ডিসেম্বরেই রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত, ইঙ্গিত পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যানের

পুরাতন মালদা পুরসভার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানিয়েছেন, আগামী ডিসেম্বর মাসে দলীয় কাউন্সিলরদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাঁরা পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ঠিক করবেন। বর্তমানে তাঁদের সঙ্গে ১৩ জন কাউন্সিলর রয়েছেন এবং তাঁরা সবাই একজোট হয়েই সিদ্ধান্ত নেবেন বলে চেয়ারম্যান দাবি করেছেন।
চেয়ারম্যানের কথায়, স্থানীয় বা জেলাস্তরে তৃণমূলের সাংগঠনিক অস্তিত্ব কার্যত নেই। এই পরিস্থিতিতে জাতীয় কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মতো জাতীয় দলগুলোর দিকেই তাঁরা নজর রাখছেন। কংগ্রেসের পক্ষ থেকে তাঁদের দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। তবে কোন দলে যোগ দেওয়া হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে থেকেই পুরাতন মালদা পুরসভায় তৃণমূলের অন্দরে বিভেদ তৈরি হয়েছিল। কার্তিক ঘোষকে সরিয়ে বিভূতিভূষণ ঘোষকে চেয়ারম্যান করার পর থেকেই কাকা-ভাইপোর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। যদিও এতদিন বোর্ড তৃণমূলের দখলেই রয়েছে, তবে চেয়ারম্যানের সাম্প্রতিক মন্তব্যে নতুন রাজনৈতিক সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে।
অন্যদিকে, ইংরেজবাজার পুরসভার ক্ষেত্রেও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। সেখানে তৃণমূল থেকে পদত্যাগ করা ১১ জন কাউন্সিলর বর্তমানে তিন বিজেপি কাউন্সিলরকে সমর্থন করছেন। এই পরিস্থিতিতে পুরাতন মালদা পুরসভার বোর্ড কতদিন টিকে থাকে, তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।