সুরাটে খালে ছুঁড়ে ফেলা হল গোটা পরিবার, সাঁতরে প্রাণে বাঁচল ১৩ বছরের কিশোর

সুরাটের বারদোলি এলাকায় এক মর্মান্তিক ঘটনায় গোটা পরিবারকে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২১ নভেম্বর সুরাটে যাওয়ার পথে উভা গ্রামের কাছে চার দুষ্কৃতী ওই পরিবারের পথ আটকায়। অভিযোগ, দুষ্কৃতীরা ওই পরিবারের পূর্বপরিচিত ছিল। এরপর পরিবারের সদস্যদের দুটি আলাদা গাড়িতে তুলে নিয়ে গিয়ে খালে ফেলে দেওয়া হয়।
এই ঘটনায় নীতিন পাটিল, তাঁর স্ত্রী কবিতা পাটিল এবং তাঁদের নয় বছরের মেয়ের দেহ মহুয়া এলাকার উকাই-কাকরাপার খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে পরিবারের ১৩ বছরের এক কিশোর কোনোমতে সাঁতরে পাড়ে উঠে স্থানীয়দের সাহায্যে পুলিশকে খবর দেয়। পরে সে বাড়িতে গিয়ে নিজের বড় দিদিকে পুরো বিষয়টি জানায়।
সুরাট গ্রামীণ জেলার পুলিশ সুপার রাজেশ গাধিয়া জানিয়েছেন, অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করা হয়েছে। বর্তমানে নিখোঁজ ১৬ বছরের এক কিশোর ও দুই বছরের এক শিশুর খোঁজে খাল এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।