আইওয়াতে ৫ টন সীসা অ্যাজাইড ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী

মার্কিন সেনাবাহিনী আইওয়াতে প্রায় ৫ টন বা ১০,০০০ পাউন্ড সীসা অ্যাজাইড বিস্ফোরিত করে ধ্বংস করেছে। সীসা অ্যাজাইড হলো সীসা ও নাইট্রোজেনের সমন্বয়ে গঠিত একটি অত্যন্ত সংবেদনশীল রাসায়নিক যৌগ, যা সামরিক যুদ্ধাস্ত্রে ডিটোনেটর হিসেবে ব্যবহৃত হতো। তাপ, ঘর্ষণ বা আঘাতের প্রতি অত্যন্ত সংবেদনশীল এই পদার্থটি শুকিয়ে গেলে বা দীর্ঘ সময় ধরে পড়ে থাকলে স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে। আইওয়াতে মজুত থাকা কয়েক দশক পুরনো এই রাসায়নিকের স্ফটিকগুলো অস্থির হয়ে ওঠায় তা নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিস্ফোরণের ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সীসা একটি বিষাক্ত ভারী ধাতু, যা মানবদেহের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্র, কিডনি ও হৃদপিণ্ডের মারাত্মক ক্ষতি করতে পারে। গবেষক ও স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন যে, বিস্ফোরণের ফলে বাতাসে ছড়িয়ে পড়া সীসার কণা এবং তা থেকে দূষিত হতে পারে এমন ভূমি ও জলের উৎস স্থানীয় ফসল, গবাদি পশু ও বন্যপ্রাণীর জন্য দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।
উল্লেখ্য যে, সীসা অ্যাজাইডের উচ্চ ঝুঁকির কারণে ১৯৮০-এর দশকেই সামরিক বাহিনী এর ব্যবহার বন্ধ করে দিয়েছিল। বুধবারের এই বিস্ফোরণ প্রক্রিয়া পরিচালনার সময় সেনাবাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। এর মধ্যে ছিল সীসার ধুলো শোষণ করার জন্য ব্যালিস্টিক জেলের ব্যবহার এবং বিস্ফোরণ অঞ্চলের চারপাশে প্রতিরক্ষামূলক বাধা তৈরি করা, যাতে ক্ষতিকারক ধূলিকণার বিস্তার সীমিত রাখা যায়। বর্তমানে স্থানীয়রা এই ঘটনার পরিবেশগত প্রভাবের দিকে নজর রাখছেন।