ইসরায়েলের ৭ অক্টোবরের হামলার স্বাধীন তদন্তে সায় সংসদের, চাপে নেতানিয়াহু

ইসরায়েলের ৭ অক্টোবরের হামলার স্বাধীন তদন্তে সায় সংসদের, চাপে নেতানিয়াহু

ইসরায়েলের পার্লামেন্টে ৭ অক্টোবরের ভয়াবহ হামলার ঘটনার স্বাধীন তদন্তের পক্ষে বিল পাস হয়েছে। বুধবার এই বিলের প্রাথমিক পর্যায়ের ভোটাভুটিতে ৬৫ জন আইনপ্রণেতা পক্ষে এবং ৫০ জন বিপক্ষে ভোট দিয়েছেন। এই তদন্ত কমিশন গঠনের মূল লক্ষ্য হলো, ওই দিন নিরাপত্তা ব্যবস্থায় কোথায় বড় ধরনের ত্রুটি ছিল তা খুঁজে বের করা। বিরোধী দলগুলোর এই উদ্যোগকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

তদন্ত কমিশন গঠনের পাশাপাশি পার্লামেন্টে আরও একটি বিল পাস হয়েছে, যা প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা নির্ধারণ এবং ফৌজদারি অভিযোগ থাকা অবস্থায় দায়িত্ব পালনে বিধিনিষেধ আরোপের প্রস্তাব দেয়। নেতানিয়াহু বর্তমানে দুর্নীতির অভিযোগের মুখোমুখি রয়েছেন এবং তিনি স্বাধীন তদন্তের পরিবর্তে সরকারি প্যানেল গঠনের দাবি জানিয়েছিলেন। তবে সমালোচকরা একে সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১২০০ জন নিহত এবং ২৫০ জনের বেশি জিম্মি হন। এর প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বর্তমানে ইসরায়েলের রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থিতিশীল। গত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহু তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিরোধী নেতা গাদি আইজেনকোট নতুন সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন, তবে এখন পর্যন্ত কোনো জোট গঠন সম্ভব হয়নি। সরকার গঠনে ব্যর্থ হলে দেশটিতে নতুন নির্বাচনের সম্ভাবনা তৈরি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *